মিরসরাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০১৭, ১৭:৩৪
চট্টগ্রামের মিরসররাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে তারা নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৭টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। 
 
উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের আব্দুর রহমান ভূঁঞা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের মো. ইউছুপের মেয়ে বিবি রহিমা (১২) ও চৌধুরীপাড়া এলাকায় মো.নুরুনবীর মেয়ে নিপু (৭)। নিহতরা একে অপরের খালাতো বোন। 
 
বিবি রহিমার ভাই মো. জামশেদুল জানান, ঈদ উপলক্ষে তাদের বাড়িতে বেড়াতে আসে খালাতো বোন নিপু। বৃহস্পতিবার তার বোন বিবি রহিমা ও নিপু এক সঙ্গে খেলাধুলা করে। কিন্তু দুপুর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর এলাকার বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হয়।  শুক্রবার সকালে  দুইজনের লাশ বাড়ির পিছনে পুকুরে ভাসতে দেখা যায়।
 
জামশেদুল আরো জানান, খেলাধূলার এক পর্যায়ে তারা হয়তো কাউকে না জানিয়ে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় খইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/ইউবি