দৌলতদিয়া ঘাটে বাসের লম্বা লাইন

আপডেট : ৩০ জুন ২০১৭, ১৯:৪৩
পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ঢল নেমেছে। 
 
ছুটি কাটিয়ে মানুষ থেমে থেমে যাতাযাত করলেও শুক্রবার বিকাল থেকে হঠাৎ মানুষের চাপ বেড়ে গেছে ঘাট এলাকায়। এতে করে দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বাসের লম্বা লাইন দেখা যায়।
 
অপরদিকে কর্মমুখী মানুষের উপচেপড়া ভিড়কে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে মহাসড়কে চলাচলরত লোকাল যানবাহনগুলো। মাত্র ১১ কিলোমিটার দূরুত্ব দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ মোড়। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দেয়ার নামে যাত্রী প্রতি ৮০-১০০ টাকা আদায় করছে। যেখানে স্বাভাবিক সময়ে ভাড়া ১০-১৫ টাকা ছিল।
 
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী জানান, সন্ধ্যায় দৌলতদিয়া ঘাট এলাকায় পরিস্থিত স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী যানবাহনের লম্বা লাইন রয়েছে।
 
গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার মো: হাবিব হাসান জানান, দৌলতদিয়া ঘাটে হঠাৎ করে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় লম্বা লাইনের সৃষ্টি হয়েছে। দ্রুত যানবাহনের অতিরিক্ত চাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
 
দৌলতদিয়ার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।
 
ইত্তেফাক/ইউবি