শচিনের অনুরোধেই দৃশ্যপটে শাস্ত্রী

আপডেট : ০১ জুলাই ২০১৭, ১০:৩৯
 
ভারতীয় দলের সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্কটা নতুন নয়। অনিল কুম্বলেকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগেও দলের ‘টিম ডিরেক্টর’ হিসেবে ছিলেন শাস্ত্রী। মূলত কোচের দায়িত্বটাই পালন করতেন তখন। এমনকি, অনিল কুম্বলেকে কোচ করার সময় রবি শাস্ত্রীও আবেদন করেছিলেন। কিন্তু ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির (সিএসি) সদস্য সৌরভ গাঙ্গুলি তার সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন না। এসব বিষয় নিয়ে খানিকটা অভিমান পুষে রেখেছিলেন শাস্ত্রী। কম্বলের পদত্যাগের পর সে অভিমান থেকেই আবেদন করেননি। কিন্তু কি এমন ঘটলো যে হঠাৎ করেই শেষ মুহূর্তে আবেদন করে বসলেন ভারতের সাবেক এই ক্রিকেটার?
 
এ প্রশ্নের উত্তর পাওয়া গেলো টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে। জানা গেছে, জনপ্রিয় ধারাভাষ্যকার শাস্ত্রীর সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে আছেন সিএসির আরেক সদস্য শচিন টেন্ডুলকার। এই মুহূর্তে দু’জনই আছেন লন্ডনে। সেখানেই নাকি শাস্ত্রীর সঙ্গে দেখা করে তাকে ভারত ক্রিকেট দলের কোচের পদে আবেদন করতে অনুরোধ করেছেন লিটল মাস্টার।
 
অধিনায়ক বিরাট কোহলি শাস্ত্রীর সাথে কাজ করতে পছন্দ করেন বলেই তাকে পছন্দের তালিকায় রাখা হচ্ছে। তাই বোর্ডের সম্মতি নিয়েই নাকি শাস্ত্রীর সঙ্গে দেখা করেছেন শচিন। কোহলির পাশাপাশি শচিন নিজেও নাকি ভারত দলের কোচ হিসেবে শাস্ত্রীকেই দেখতে চান। এর আগে মূলত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনোমালিন্যের জের ধরে পদত্যাগ করেন সাবেক কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে। যদিও তার অধীনে বিরাট কোহলির দলের পারফরম্যান্স ছিল অনন্য। নিঃসন্দেহে ড্রেসিংরুমে কুম্বলের অভাব বোধ করবে দলটি - এমনটা মানছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কমিটির প্রধান নির্বাহী বিনোদ রায়। এমন কি তিনি এমন ইঙ্গিতও দিচ্ছেন যে, অন্য কোনো পদে হলেও ফিরিয়ে আনা হতে পারে কুম্বলেকে। তবে কুম্বলেকে আবারো কোচ করা হচ্ছে না, এটা নিশ্চিত। কুম্বলের প্রতি কমিটির আগ্রহ তাই অন্য কোনো পদের জন্য। পদটা কী, এখনো সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
 
কুম্বলে প্রসঙ্গে বিনোদ রায় বলেছেন, ‘কুম্বলে ভারতীয় দলের জন্য অনবদ্য। কিন্তু যদি দু’জনের (কুম্বলে ও কোহলি) পেছনে সবাই এভাবে লেগে থাকে তাহলে পেশাদার জীবনেও ব্যর্থতার ভার বইতে হবে। কুম্বলের সঙ্গে বোর্ডের চুক্তি ছিলো একবছরের। তিনি বুঝদার মানুষ। সিদ্ধান্তটা কি হওয়া উচিত তা তিনি জানেন।’
 
কুম্বলের ব্যবস্থাপনা ও পেশাদারিত্বের প্রশংসা করেন বিনোদ রায়। তিনি বলেন, ‘কুম্বলে অসাধারণ একজন কোচ। আমরা তার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবো। নতুন কোচ যিনি হবেন তার মধ্যেও আমরা এমন পেশাদারিত্ব দেখতে চাই। একই সঙ্গে অধিনায়ক-কোচ দু’জনের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে চাই।’ এসময় কোহলি-কুম্বলের মধ্যকার সম্পর্ক ও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে গণমাধ্যমকে সংবাদ প্রকাশে বিরত থাকার আহ্বান জানিয়ে বিনোদ রায় বলেন, ‘কেন আপনারা অধিনায়ক-কোচের সম্পর্কের মাঝে যাচ্ছেন? দয়া করে কারো বিবৃতি ধরে এগোবেন না। আমরা সবাই জানি ভারতীয় গণমাধ্যম কারো শোবার ঘরে খবরের জন্য ঢোকে না, দয়া করে তাই ড্রেসিংরুমের দিকেও নজর দেবেন না।’
 
চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রধান কোচ ছাড়াই গিয়েছে ভারত। নতুন কোচ খোঁজার কাজও এগোচ্ছে জোরেশোরে। সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সিরিজে নতুন কোচ পাবেন বিরাট কোহলিরা।
 
ইত্তেফাক/এমআর