ফের ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ থাকলেন দ্রাবিড়

আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৬:১৭
ভারত-এ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে আরো দুই বছরের জন্য কোচ হিসেবে বহাল থাকবেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবার এই সংক্রান্ত ঘোষণা দিয়েছে। এই পদে দ্রাবিড়ের দুর্দান্ত সফলতাই তার চুক্তি নবায়নে সহায়তা করেছে। এই পদের জন্য নতুন কোন আবেদনও সে কারণেই চায়নি বিসিসিআই।
 
এদিকে গত মাসের শুরুতে চুক্তির শর্তাবলী আরো স্পষ্ট করে তুলে ধরার জন্য কমিটি অব এডমিনিস্ট্রেশনের (সিওএ) কাছে ভারতের সাবেক অধিনায়ক চিঠি লিখেছিলেন। এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দল ছাড়াও ভারতীয় প্রিমিয়ার লীগে দিল্লী ডেয়ারডেভিলসের পরামর্শক হিসেবেও কাজ করেছে দ্রাবিড়। কিন্তু বিসিসিআই’র সাথে চুক্তি নবায়ন করায় তিনি আর আইপিএল এ কোন দলের দায়িত্বে থাকতে পারবেন না। 
 
এক বিবৃতিতে ডেয়ারডেভিলসের পক্ষ থেকে বলা হয়েছে, গত দুই বছর যাবত মেন্টর হিসেবে দিল্লীতে রাহুল দ্রাবিড়কে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয় ছিল। আমরা সত্যিকার অর্থেই তার সঙ্গ উপভোগ করেছি। তাকে কাছে পেয়ে দিল্লীর তরুণরাও অনেক উপকৃত হয়েছে। ভারতীয় এ’ দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের নিমিত্তে সে আর আমাদের সাথে থাকছে না বলে আমরা বেশ হতাশ। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। 
 
২০১৫ সালে প্রথমবারের মত ভারতের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের তুলে নিয়ে আসার ও তাদের ভবিষ্যতে জাতীয় দলের জন্য তৈরি করে তোলার লক্ষ্য নিয়ে দ্রাবিড়কে এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব দেয়া হয়েছিল। গত বছর তার অধীনে ভারত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এছাড়া এ’ দল অস্ট্রেলিয়ায় চার জাতির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় যেখানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এ’ দল ছাড়াও ন্যাশনাল পারফরমেন্স স্কোয়াড অংশ নেয়। রাজস্থান রয়্যালসে কাজ করার সময় তার হাত ধরেই উঠে এসেছিল সানজু স্যামসন, করুন নায়ার, দীপক হুডার মত খেলোয়াড়রা। আগামী ২৬ জুলাই থেকে ভারতীয় এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে দ্রাবিড়ের পরবর্তী যাত্রা শুরু হবে। বাসস।
 
ইত্তেফাক/রেজা