পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বিশ্ব একাদশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সবক’টিকেই আন্তর্জাতিক মর্যাদা দেয়া হবে ।
সিরিজটি আয়োজনের জন্য পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাব পেয়ে এ মাসের শুরুতে লন্ডনে অনুষ্ঠিত সভায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করা হয়।
একটি বিশ্ব একাদশ দল পাকিস্তান পাঠানোর পরিকল্পনা অব্যাহত থাকবে বলে কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।
বিশ্ব একাদশের পাকিস্তান সফর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দেশটির চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘এটা পাকিস্তান ক্রিকেটকে জাগিয়ে তুলবে এবং শীর্ষ সকল দল পাকিস্তান সফরে আসবে আশা করছি।’
পাকিস্তান কোচ মিকি আর্থার বলেন, ‘আমাদের সূচিতে আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে তিনটি টি-২০ ম্যাচ রয়েছে। আশা করছি এ থেকেই বিদেশী দলগুলোর পাকিস্তান সফর শুরু হবে। আমরা কেবল আশা করতে পারি।’ বাসস/ ইহায়ু নিউজ।
ইত্তেফাক/ রেজা
