অসুস্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন শ্রীলঙ্কার ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গা। প্রথম ওয়ানডেতে পরাজিত হওয়া স্বাগতিক শ্রীলঙ্কা তাই মালিঙ্গাকে ছাড়াই সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। প্রথম ওয়ানডে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী রয়েছে জিম্বাবুয়ে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে গল-এ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সমস্যায় ভুগছেন মালিঙ্গা। আগামী ৪৮ ঘন্টা মালিঙ্গাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য দ্বিতীয় ওয়ানডেতে মালিঙ্গার সার্ভিস পাবে না লঙ্কানরা। মালিঙ্গার মত একই সমস্যায় ভুগছেন বাঁ-হাতি স্পিনার লক্ষণ সান্দাকানও। যে কারণে প্রথম ওয়ানডে খেলতে পারেননি সান্দাকান।
তাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে বড় ধরনের ধাক্কাই খেল শ্রীলংকা। এমনিতেই প্রথম ওয়ানডে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। গল-এ প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে তিন ব্যাটসম্যানের হাফ- সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এরপর সলেমন মিরের ১১২ রানের সাথে আরও দুই ব্যাটসম্যানের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩২২ রান তুলে দুর্দান্ত এক জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
প্রথম ওয়ানডেতে আইসিসির আচরণবিধির ভঙ্গ করায় ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানার কবলে পড়েছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। জিম্বাবুয়ে ইনিংসের সপ্তম ওভারে অফ-স্পিনার আকিলা ধনানঞ্জয়ার বল সুইপ করতে গিয়ে ব্যাট-বলের স্পর্শ করতে ব্যর্থ হন মির। ফলে বল গিয়ে জমা পড়ে লঙ্কান উইকেটরক্ষক ডিকবেলার গ্লাভসে। বল পেয়ে অপেক্ষায় ছিলেন মির কখন উইকেট ছেড়ে বেরিয়ে যান। সাথে সাথেই উইকেট ভেঙ্গে দেয়ার পরিকল্পনায় ছিলেন ডিকবেলা। শেষ পর্যন্ত উইকেট ভাঙ্গেনও ডিকবেলা। তাই অনফিল্ড আম্পায়ারদের কাছে আউটের আবেদন করেন ডিকবেলা। সেই আবেদন সাড়া দিতে না পেরে থার্ড আম্পায়ার নাইজেল লং-এর উপর ছেড়ে দেন সিদ্বান্ত দেয়ার জন্য।

পরে রিপ্লেতে দেখা যায়, উইকেট ভাঙ্গার সময় উইকেটেই ছিলেন মির। ফলে তিনি হন নট আউট। কিন্তু এমন আচরণ আইসিসির আচরণবিধির বিরুদ্ধ হওয়ায় জরিমানার কবলে পড়তে হলো ডিকবেলাকে। তবে এমন আচরণ সচরাসচরই ঘটে থাকে ক্রিকেটে এবং এটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু উইকেট ভাঙ্গতে অনেক সময় ব্যয় করায় শাস্তির মুখে পড়লেন ডিকবেলা। তাই মালিঙ্গার অনুপস্থিতি ও ডিকবেলার শাস্তির খবর নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামতে হবে শ্রীলঙ্কাকে। তবে উজ্জীবিত মনোভাব নিয়েই মাঠে নামবে জিম্বাবুয়ে। অসাধারন পারফরমেন্সে প্রথম ম্যাচ জিতে যাওয়ায় সিরিজে ডাবল লিডের লক্ষ্য নির্ধারন করতে পারে সফরকারীরা।
শ্রীলঙ্কা স্কোয়াড (সম্ভাব্য) : অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবেলা, ভানিদু হাসারাঙ্গা, লক্ষন সান্দাকান, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, আসেলা গুনারতেœ, আকিলা দনঞ্জয়া, নুয়ান প্রদীপ, দুশমন্থ চামিরা ও লাহিরু মাদুশানাকা।
জিম্বাবুয়ে স্কোয়াড (সম্ভাব্য) : সলোমন মির, হ্যামিল্টন মাসাকাদজা, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ক্রেইগ আরভিন, সিন উইলিয়ামস, পিটার মুর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, টেন্ডাই চাতারা, ক্রিস এমপফু, ডোনাল্ড তিরিপানো, রিচার্ড এগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা, ম্যালকম ওয়ালার, চামু চিবাবা, টারিসাই মুসাকান্ডা।
ইত্তেফাক/রেজা
