অস্ট্রেলিয়া গেল এইচপি দল

আপডেট : ০২ জুলাই ২০১৭, ০৮:২৬
 
গত শুক্রবার ছিল রিপোর্টিং। কাল শনিবার সকালে ক্রিকেটাররা বুঝে নিয়েছেন কিটব্যাগ, অফিসিয়াল টি-শার্ট, হাত খরচের ডলারও। দুপুরের পর তড়িঘড়ি করে লাগেজ-সমেত বিসিবি একাডেমি ভবনে ঢুকলেন এবাদত হোসেন চৌধুরী। শেষ মুহূর্তে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের অস্ট্রেলিয়া সফরে যুক্ত হয়েছেন ডানহাতি এ পেসার। এবাদতসহ ১৬ সদস্যের এইচপি শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে।
 
ক্রিকেটাররা গত রাতের ফ্লাইটে দেশ ছাড়েন। ১৬ দিনের অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের নেতৃত্ব দিবেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। তার ডেপুটি নাজমুল হোসেন শান্ত। শনিবার বিকেলে এইচপি দলের আনুষ্ঠানিক ফটোসেশন শেষে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে এমনটাই জানা গেছে।
 
পাঁচ ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলবে এইচপি দল। সবগুলো ম্যাচই হবে ডারউইনে। প্রতিপক্ষ এখনও অজানা। তবে দলে থাকা ক্রিকেটাররা এই সফরকে শেখার, অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হিসেবেই দেখছেন। ভবিষ্যতের জন্য তৈরি হতে এই সফর কাজে লাগবে তাদের। আবার অস্ট্রেলিয়া সফরকে জাতীয় দলে ফেরা বা প্রবেশের সিঁড়ি হিসেবেও ভাবছেন অনেকে।
 
ঈদের ছুটিতেই অস্ট্রেলিয়া চলে গেছেন এইচপি কোচ সিমন হেলমট। অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিবেন তিনি। হেলমটও যাবার আগে বলেছিলেন, জয়-পরাজয়ের চেয়ে এই সফরে অভিজ্ঞতা অর্জন, নতুন কিছু শেখার দিকেই গুরুত্ব দিতে চান তিনি।
 
অস্ট্রেলিয়া সফরের এইচপি দল
 
লিটন দাস, এনামুল হক বিজয়, ইমতিয়াজ হোসেন তান্না, মেহেদী মারুফ, নাজমুল হোসেন শান্ত, তাসামুল হক, ইরফান শুক্কুর, ইয়াসির আলী রাব্বি, তানবির হায়দার, আবুল হাসান রাজু, নিহাদুজ্জামান, জুবায়ের হোসেন লিখন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও সাইফউদ্দিন।
 
ইত্তেফাক/এমআর