রামগতিতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় শেখ ফরিদ গ্রেফতার

আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৪:২৩
 
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআবদুল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. শেখ ফরিদ ওরফে শেখু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কমলনগর উপজেলার খায়েরহাট এলাকায় শ্বশুর বাড়ি থেকে রামগতি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। আজ রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
শেখ ফরিদ চর আবদুল্লাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের ছেলে। গত ২৩ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে তিনি বিজয়ী হন। তার বিরুদ্ধে হত্যা, অশ্রু, ডাকাতি এবং মেঘনা নদীতে জলদস্যুতার অভিযোগে রামগতি, হাতিয়া ও ভোলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানায়। 
 
রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউসুফ আলী জানান, গত ২১ জুন সকালে চর আবদুল্লাহ ইউনিয়নের দুর্গম ও বিচ্ছিন্ন তেলিরচরে মেঘনা নদীর জলদস্যু খোকন বাহিনীর সদস্যরা নজরুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুন তিনি মারা যান। ওই ঘটনায় গত ২৫ জুন নজরুল ইসলামের বড় ভাই আবু সায়েদ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় খোকন বাহিনীর প্রধান মো. খোকন ও শেখ ফরিদ ওরফে শেখু ডাকাতসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামি করা হয়।
 
ইত্তেফাক/কেকে