ধামরাইয়ে আগামীকাল উল্টো রথটান। নাশকতা হতে পারে এমন আশঙ্কায় রথমেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিরাপত্তা রক্ষায় মেলা প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা। অলিতে গলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মেলায় আগত দর্শনার্থীদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। চলছে কড়া নজরদারি।
নাশকতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে শুক্রবার বিকেলে পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, মেলা উদযাপন কমিটি ও জনপ্রতিনিধিদের মধ্যে এক জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং ওই দিন বিকেল থেকেই নিরাপত্তার স্বার্থে বিনোদনমূলক সার্কাস, লটারি, পুতুল নাচ বন্ধ করে দেয়া হয়েছে।
শনিবার রাতে মাইকে আগামী মঙ্গলবার পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। আজ সোমবার উল্টো রথটান অনুষ্ঠানকে সফল করতে পুরো মেলাস্থল কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে।
রবিবার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক জানান, নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটেলিয়ান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছেন।
তবে মেলা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন পুলিশ প্রশাসনের বরাত দিয়ে জানান, পুলিশ প্রশাসন নাশকতার আশঙ্কায় নিরাপত্তার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথের মেলাকে নস্যাৎ করতে কোন বিশেষ মহলের চক্রান্ত থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ইত্তেফাক/ইউবি
