বেকারত্ব যেভাবে উপভোগ করছেন অসি ক্রিকেটাররা

আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৮:১২
বেতনসংক্রান্ত ইস্যুতে দীর্ঘদিন থেকে চলে আসা বোর্ড-ক্রিকেটার দ্বন্দের শাস্তি পর্ব চলছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। বোর্ডের প্রস্তাবিত বেতন না মানায় শুক্রবার চুক্তির মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে বেকার হয়ে পড়েছেন ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথরা। কিন্তু এভাবে বসে বসে তো আর সময় কাটানো যায় না। তাই নতুন কাজ খুঁজে নিয়েছেন অনেকেই। কেউ কেউ অনলাইনে চাকরিও খুঁজছেন।
 
সদ্য বিবাহিত স্ত্রী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভালোই সময় কাটাচ্ছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। সাথে খেলছেন বেসবল। বেসবলে আগে থেকেই আগ্রহ থাকায় বেকার সময়টা বেসবলেই কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে স্মিথের দুই হাতে বেসবল খেলার একটি ভিডিও প্রকাশ হয়েছে। অনেকে বলছেন এটাকেই পেশা হিসেবে নেবেন নাকি স্মিথ!
 
অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক ওয়ার্নার ইন্সটাগ্রামে একটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায় তিনি সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের কুকুর চড়াচ্ছেন! তবে বিষয়টি নিয়ে মজা করা হয়েছে। ছবির সাথে লেখা হয়েছে, ‘বেকার ডেভিড ওয়ার্নার রিকি পন্টিংয়ের কুকুর চড়াচ্ছেন।’ পাশাপাশি আরেকটি পোষ্টে ওয়ার্নার জানিয়েছেন, মনভরে প্যারা ডাইভিং করছেন এই অবসরে। 
 
ওয়ার্নারকে অনুসরণ করে ফাস্ট বোলার মিশেল স্টার্কও তার একটি ছবি পোষ্ট করেছেন ইন্সটাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে, গলফ খেলছেন স্টার্ক। গলফ ব্যাট হাতে নেওয়ার থেকে বর্তমান পরিস্থিতিতে তার ছবির ক্যাপশনই বেশি নজর কেড়েছে সবার। ছবির ক্যাপশনে স্টার্ক লিখেছেন, ‘ভাবছি অন্য পেশায় চলে যাওয়াই ভালো। বেকারত্ব কখনো নিরাশ করতে পারে না।’
 
টি- টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ কাউন্টি ক্রিকেট খেলছেন ইংল্যান্ডে। তিনি মজা করে লিখেছেন, ‘আমি কিন্তু বেকার নই।’
 
অন্যদিকে অসি ওপেনার উসমান খাজা তো চাকরিই খোঁজা শুরু করে দিয়েছেন ওয়েবসাইটে। ব্রাউজ করছেন, এমন ছবি পোষ্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বেকারত্বের কারণে আমার পথগুলো খুঁজছি…।’
 
শনিবার ঘুম থেকে উঠে ব্যাট-বল নিয়ে নেটে না ছুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল গিয়েছিলেন গলফ খেলতে। সময়টা খারাপ কাটেনি বলে জানিয়েছেন ফক্স স্পোর্টসকে। বলেছেন, ‘বেশ তো। গলফ খেলে দারুণ সময় কাটল। ’
 
ইত্তেফাক/রেজা