তানোরে আটক তিন জঙ্গি ফের রিমান্ডে

আপডেট : ০২ জুলাই ২০১৭, ২২:২০
 
রাজশাহীর তানোর উপজেলার ডাঙাপাড়া গ্রামের 'জঙ্গি বাড়ি' থেকে আটক আটজনের মধ্যে তিনজনকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাইফুল ইসলাম তাদের প্রত্যেকের এক দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, আগের রিমান্ড শেষে 'জঙ্গি বাড়ির' মালিক রমজান আলী ছেলে ইব্রাহিম হোসেন, ইসরাফিল হোসেন ও রমজান আলীর মেয়ের জামাই রবিউল ইসলামকে রবিবার দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি তাদের আবারও ৭দিনের রিমান্ডের আবেদন জানান। তবে শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 
জানা যায়, গত ১১ জুন রাতে তানোরের পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের স্কুলশিক্ষক রমজান আলীর বাড়ি ঘিরে অভিযান শুরুকরে পুলিশ। বগুড়ার কাউন্টার টেররিজম ইউনিট ও রাজশাহী জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে তিন নারীসহ আটজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় সুসাইডাল ভেস্ট, বোমা ও পিস্তলসহ বেশকিছু বিস্ফোরক। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট সুইসাইডাল ভেস্টগুলো নিষ্ক্রিয় করে।
 
ওই ঘটনায় তানোর থানার পিএসআই জাহিদুল ইসলাম খন্দকার বাদী হয়ে সন্ত্রাস বিরোধী ও অস্ত্র আইনে থানায় পৃথক মামলা করেন। উভয় মামলায় একই পরিবারের আটজনসহ নয়জনকে আসামি করা হয়। মামলাটি তদন্তের জন্য মুণ্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।
 
উল্লেখ্য, গত ১৩ জুন প্রথম দফায় আটক আটজনের মধ্যে ছয়জনের ১০ দিন ও দুজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 
ইত্তেফাক/জামান