প্রথম কনফেডারেশনস কাপ জিতল জার্মানি

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৩:৩০
 
কনফেডারেশনস কাপ ফাইনালে চিলিকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলেছে জার্মানি। বিশ্ব ফুটবলে অন্যতম পরাশক্তি জার্মানরা সবসময়ই শীর্ষসারির দল হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু অন্যসব গুরুত্বপূর্ণ শিরোপা জিতলেও ফিফা কনফেডারেশনস কাপটা অধরাই ছিল জার্মানদের কাছে। এবার জোয়াকিম লোয়ের তরুণ দল সেই কাঙ্ক্ষিত শিরোপা উপহার দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের।
 
রাশিয়ান সেন্ট পিটার্সবার্গের ক্রেস্টোভোস্কি স্টেডিয়ামে লারস স্টিন্ডেলের প্রথমার্ধের গোলে জার্মানদের জয় নিশ্চিত হয়। দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটা সময় বল চিলির নিয়ন্ত্রণে থাকলেও গোলের অভাবে ম্যাচে সমতা আসেনি।
 
কনফেডারেশনস কাপকে ঐতিহ্যগত ভাবেই সবসময় বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হিসেবে বিবেচনা করা হয়। আর সেই পরীক্ষায় বেশ ভালভাবেই উতরে গেছে লোয়ের বিবেচনাধীন অপেক্ষাকৃত তরুণ জার্মান দলটি।
 
ইত্তেফাক/এমআর