মধুখালীতে বাসের মুখোমুখী সংঘর্ষে আহত ২৫

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৭:৩৩
ফরিদপুরের মধুখালী উপজেলার মছলন্দপুর শ্মশানঘাট এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে নাটোর থেকে বরিশালগামী পদ্মা পরিবহন ও কুষ্টিয়াগামী রাসেল পরিবহনের মধ্যে এ সংঘর্ষ হয়।
 
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার মেহেদী হাসান টুটুল (৩৫), যাত্রী সাহিদুল ইসলাম (৪২), মোহাম্মদ আলী (২৮) এবং জেহের আলীকে (৪৮) উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আব্দুল মোত্তালেব (৪৫), মহসীন (৪২), শাওন (২৩), বীনা (৩৪), রইচ্ছউদ্দীন (৩৫), রকি (২৫), খালেক (২৫), আব্দুল আউয়াল (৪৫) এবং শরীফা (২৭) এরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা শেষে তাদের বাড়ি এলাকায় পাবনা ও নাটোরে এম্বুলেন্সে পাঠিয়ে দেয়া হয়।
 
হাইওয়ে পুলিশের এসআই মো. টিটু জানান, বেলা আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার কামারখালী মছলন্দপুর এর কাছে কুষ্টিয়াগামী রাসেল পরিবহনের একটি বাস ও বরিশালগামী যাত্রীবাহী পদ্মাপরিবহনের মুখোমুখি সংঘর্ষে প্রায় ২৫জন যাত্রী আহত হন।
 
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক রাজীব রায় জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
 

ইত্তেফাক/এএম।