লালমোহনে সাত বছরের শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে মা

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ০০:১৩

ভোলার লালমোহনে সাত বছরের শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে নিষ্ঠুর মা। ঘটনাটি ঘটেছে সোমবার(৩ জুলাই) রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ গ্রামে।

ভোলা লালমোহন সার্কেলের সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ওমান প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী রুনা বেগম তার প্রতিবন্ধী মেয়ে রুপাকে চিকিৎসার কথা বলে ঘরের একটি কক্ষে নিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় এক ব্যক্তির নির্দেশে চিকিৎসার অংশ হিসেবে সে তার মেয়েকে কুপিয়েছে বলে জানান।

এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে তার নানা, নানি এবং খালা গুরুতর আহত হয়। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালমোহন থানার ওসি হুমায়ুন কবির জানান, পুলিশ ঘাতক মা রুনা বেগমকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ১২টা) এ ঘটনায়  থানায় কোন মামলা দায়ের হয়নি।

ইত্তেফাক/নূহু