নাসিরনগরে রাস্তা ও ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ০৩:৪৫

নাসিরনগর উপজেলার নুরপুর-কামারিয়া পাড়ার বরাদ্দকৃত রাস্তা ও ব্রিজ  নির্মাণ সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার কয়েক’শ নারী-পুরুষ ও শিক্ষার্থী।  সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রুকন উদ্দিন আহমেদ, সৈয়দ সোলেমান, সৈয়দ মিজানুর রহমান, নজু মিয়া, আরব আলী, মলিন চন্দ্র বিশ্বাস, আজিজ মিয়া, আজমল মিয়া, মহনলাল সরকার ও লিটন মিয়া প্রমুখ। 

 

উল্লেখ্য, মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নুরপুর-কামারিয়া পাড়া রাস্তা উন্নয়নের জন্য ৫০০ মিটার রাস্তা ও একটি ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু অধিকাংশ রাস্তা নির্মাণ হলেও এলাকার সৈয়দ শহিদুল হকের আদালতে দায়ের করা মামলার কারণে মাত্র ৬০ ফুট রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, শতবর্ষ ধরে উক্ত রাস্তা পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ও কৃষকদের মাঠে উত্পন্ন মৌসুমী ফসল আনা-নেওয়ার কাজে ব্যবহূত হয়ে আসছে। কিন্তু কোনো একক ব্যক্তির বাধার কারণে এলাকার জনগণ উক্ত রাস্তার সুফল পাবে না তা মেনে নেওয়া যায় না।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রিয়াদুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমি নিয়ে আদালতে মামলা থাকায় রাস্তার কিছু অংশ ও ব্রিজের  নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

ইত্তেফাক/নূহু