গাজীপুর মহানগরীতে এক গার্মেন্টস শ্রমিক খুন হয়েছেন। উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে মহানগরীর চান্দনা চৌরাস্তার তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসানুল রহমান (৩৫) তেলিপাড়া এলাকার লেভেন্ডা গার্মেন্টসের লাইন কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকুরি করতেন। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরুনা গ্রামের আজিজুর রহমানের ছেলে। স্ত্রী শেলিনা আক্তার (২৭) ও একমাত্র সন্তান স্বাধীণকে (১০) নিয়ে তিনি তেলিপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
ছোট বোন রূপসা আক্তার জানান, হাসানুর রহমান ঈদের ছুটিতে ঈদ করতে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে যান। মঙ্গলবার গার্মেন্টস চালু হয়। স্ত্রী-সন্তানকে রেখে কাজ যোগ দিতে তিনি সোমবার রাতে বাড়ি থেকে রওয়ানা করেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে জানতে পারেন তার ভাই দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন। বাড়ি থেকে আসার সময় তার সাথে ব্যাগ ও মোবাইল ছিল। ব্যাগটি পাওয়া যায়নি।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি মো. আামিনুল ইসলাম জানান, সম্ভবত বাস থেকে নেমে বাসায় যাওয়ার পথে হাসানুর রহমান ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারেন। সাথে থাকা ব্যাগ নিয়ে যেতে পারলেও ছিনতাইকারীরা তার মোবাইল ফোনটি নিতে পারোনি। ধস্তাধস্তির এক পর্যায়ে অথবা চিনে ফেলায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি জানান নিহতের বুটে পিঠে ও উরুতে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই
