‘গাজীপুরে বিস্ফোরিত বয়লারের মেয়াদ ছিল না’

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৪:৩৫
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ১০ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহতের ঘটনায় তদন্ত কমিটি জানিয়েছে, নয় দিন আগেই তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তদন্ত কমিটির প্রধান অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, বয়লার পরিদর্শক বলেছেন, ২৪ জুন পর্যন্ত ওই বয়লারের মেয়াদ ছিল। নতুন করে নবায়ন করা হয়নি। তদন্ত কমিটি বিশদভাবে বিষয়টি ক্ষতিয়ে দেখছে বলেও তিনি জানান।
 
গাজীপুরে কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের ওই কারখানার বয়লার সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরিত হয়। এতে চারতলা ভবনের একপাশে এক থেকে দোতলা পর্যন্ত ধসে পড়ে।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর, সাভার ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পৌনে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
 
উল্লেখ্য, এর আগেও গাজীপুরে টেম্পাকু ও পূবাইলে বয়লার বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছিল।
 
ইত্তেফাক/এমআই