রাজবাড়ীতে লটারি জেতার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে এক লাখ ২২হাজার টাকা, মোবাইল ফোন, ভুয়া নিবন্ধনকৃত সিম উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। আটককৃতরা হলেন, জেলা সদরের বসন্তপুর ইউপির রাজাপুর গ্রামের মৃত মোয়াজ্জেম মোল্লার ছেলে কাওসার মোল্লা (২৫), একই এলাকার মৃত খালেক মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (২০), মো. রুস্তম মোল্লার ছেলে মো. রাজিব মোল্লা (২৩), মৃত খন্দকার আবুল হোসেনের ছেলে খন্দকার মইনুল ইসলাম ওরফে মাসুদ খন্দকার (২৬) ও কৈজুরি গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. রবিউল ইসলাম (২৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা গত ১৩জুন ঢাকার সূত্রাপুর থানার বাসিন্দা রুনালী খান নামে এক বিউটিশিয়ানের কাছে একটি মোবাইল সিম কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন দেন। ফোন দিয়ে তারা রুনালী খানকে জানান, তিনি লটারিতে ১১ লক্ষ টাকা জিতেছেন। ওই টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা ওই বিউটিশিয়ানের কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।
পরে ওই রুনালী খান বিষয়টি বুঝতে পেরে সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে বিষয়টি জানান। অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যরা রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা সদরের বসন্তপুর ইউপির রাজাপুর ও কৈজুরি গ্রাম থেকে ওই প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেন।এসময় তাদের কাছ থেকে এক লাখ ২২হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ভুয়া নিবন্ধনকৃত সিমকার্ড উদ্ধার করা হয়।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক মো. রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জামান
