সিরাজগঞ্জে এক নারীকে ‘হত্যা’

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৮:৩২
সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক বিরোধের জের ধরে জাহানারা খাতুন (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার কুনকুনিয়া পূর্বপাড়া গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত জাহানারা খাতুন কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ বছর আগে কাজিপুর উপজেলার কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামের জাহানারা খাতুনের মেয়ের সঙ্গে বরিশাল জেলার আসলামের বিয়ে হয়। বিয়ের পরে তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আসলাম তার স্ত্রীকে তালাক দেন। আসলামের মেয়ে তার নানী জাহানারার সঙ্গে কাজিপুরের কুনকুনিয়া গ্রামে বসবাস করে। আসলাম তার মেয়েকে কাছে নেয়ার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হন।
 
সোমবার রাতে আসলাম পুনরায় তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য কাজিপুরে আসেন। রাতে জাহানারা খাতুনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
 
কাজিপুর থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে জাহানারা খাতুনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কে হত্যা করেছে তা বলা সম্ভব না। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।