গাইবান্ধার চরাঞ্চলে অভিযান শেষ, ডাকাত আটক

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৫:২২
গাইবান্ধার সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের মোল্লারচর ইউনিয়নের একাধিক চরাঞ্চলে জঙ্গি আস্তানাসহ সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃংখলা বাহিনী। বুধবার দুপুর ১টা দিকে অভিযান শেষ করে তারা। এসময় এক ডাকাতকে আটক করে আইনশৃংখলা বাহিনী।
 
বুধবার ভোর থেকে জেলা পুলিশ, ডিবি ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যের সমন্বয়ে এ অভিযান চালায়। সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের পূর্ব সিধাই চর থেকে পুলিশের তালিকাভুক্ত আইয়ূব আলী ওরফে শুকুর (৩৭) নামে একজন নৌ ডাকাতকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা। আইয়ুব আলী ওই চরের মৃত বাচ্চু মিয়ার ছেলে। 
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ্ আল ফারুক জানান, চরাঞ্চলের কিছু এলাকায় জঙ্গি আস্তানাসহ নৌ ডাকাত, মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। 
 
তিনি আরও জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যে চরাঞ্চলের কিছু এলাকা ব্লক রেড (নির্দিষ্ট এলাকা চিহ্নিত) করা হয়েছে। এসব এলাকা ঘিরেই অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে একজন নৌ ডাকাতকে আটক করা হয়েছে। 
 
প্রসঙ্গত, বিগত বছরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাইবান্ধার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক দফায় অভিযান চালায়। কিন্তু অভিযানে পরিত্যক্ত দু-তিনটি দেশীয় অস্ত্র ছাড়া উল্লেখযোগ্য আর কিছু উদ্ধার করতে পারেনি। 
 
ইত্তেফাক/এমআই