সোনাগাজীতে ভারী বর্ষণে উপজেলার চর চান্দিয়া ও চর দরবেশ ইউনিয়নের সীমান্তবর্তী ৯নং স্লুইস গেট ভেঙে সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সোমবার সকাল থেকে স্লুইস গেটটি আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে দুপুরে পুরো সড়ক নদীগর্ভে চলে যায়। ফলে দুই ইউনিয়নের ১০ গ্রামের ৪০ হাজার লোক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
১৯৬৫ সালে ছোট ফেনী নদীর মোহনায় সোনাগাজী-ইতালি মার্কেট সড়কে উত্তর চর দরবেশ এলাকায় ১০ গ্রামের জনগণ ও সমুদ্রের লোনা পানি, বন্যা-প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসলসহ জানমাল রক্ষার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড স্লুইস গেটটি নির্মাণ করে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দু’বার স্লুইস গেটটি সংস্কার করা হয়েছে। তবে গত ২০ বছরেও কোনো সংস্কার না হওয়ায় দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে অকেজো হয়ে পড়ে। স্লুইস গেটের দুই পাশ ভেঙে গেলেও পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্লুইস গেটের দুই পাশে মাটি দিয়ে ভরাট করে চলাচল করছে।
চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন দ্রুত স্লুুইস গেটসহ সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, স্লুইস গেট ভেঙে যাওয়ার কথা শুনে ইউপি চেয়ারম্যানদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত একটি বাঁশের সাঁকো নির্মাণসহ বিকল্প সড়কের ব্যবস্থা করে এলাকার জনগণের চলাচলের ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। তারা স্লুইস গেট সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানান।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কহিনুর আলম বলেন, বিষয়টি শুনেছি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পেলে স্লুইস গেটটি সংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
