বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুরনওপাড়া-সোনাপুর রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। তবুও প্রয়োজনের তাগিদে চলাচল করছে জনসাধারণ। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে মাঝে-মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
গত কয়েক দিনের টানা বর্ষণে ভেঙে যাওয়ায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুরনওপাড়া-সোনাপুর রাস্তাটির ভাঙা অংশ মেরামত না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে।
এলাকাবাসী জানায়, দু’সপ্তাহ আগে রাস্তাটির প্রায় অর্ধেক অংশ ভেঙে যায়। এ রাস্তা দিয়ে ইসলামপুর ইউপির জনসাধারণসহ আশ-পাশের কয়েক গ্রামের মানুষ যাতায়াত করেন। দ্রুত রাস্তাটির ভাঙা অংশে সংস্কারের ব্যবস্থা না নিলে রেল লাইনও ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা ভাঙা অংশে খুঁটির সঙ্গে লাল রংয়ের কাপড় বেঁধে বিপদ চিহ্ন নিশানা টাঙিয়ে দিয়েছে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তবে দিনের বেলায় কষ্ট করে যানবাহন চলাচল করলেও রাতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভাঙা রাস্তার কারণে পথচারীসহ এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান বলেন, রাস্তাটি ভেঙে জনসাধারণের চলাচলে ভোগান্তি হচ্ছে। সরকারি বরাদ্দ না থাকায় সংস্কার করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করবো।
ইত্তেফাক/নূহু
