গাইবান্ধার সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের মোল্লারচর ইউনিয়নের ৮ দুর্গম চরে জঙ্গি বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. মইনুল হকের নেতৃত্বে কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিবি পুলিশ, জেলা ও থানা পুলিশের শতাধিক সদস্য অংশ নেন। অভিযানে কোনো জঙ্গি আস্তানা কিংবা জঙ্গির সন্ধান পাওয়া যায়নি। তবে ওই ইউনিয়নের পূর্ব সিধাই চর থেকে পুলিশের তালিকাভুক্ত একজন নৌ-ডাকাতকে আটক করা হয়েছে। আটক আইয়ূব আলী ওরফে শুকুর (৩৭) ওই চরের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
অভিযান প্রসঙ্গে গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, চরাঞ্চলে জঙ্গি, সন্ত্রাসীরা আত্মগোপন করে থাকতে পারে-এমন সন্দেহে অভিযান চালান হয়। নদ-নদীতে পানি বৃদ্ধির সময় চরাঞ্চলে নৌ-ডাকাতি বৃদ্ধি পায়। এসব অপরাধ রোধে আগাম ব্যবস্থা হিসেবে জেলা পুলিশের সিদ্ধান্তে এই অভিযান পরিচালিত হয়। পর্যায়ক্রমে জেলার সকল চরাঞ্চলে জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হবে।
প্রসঙ্গত, বিগত বছরেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চলে কয়েক দফা অভিযান চালায়। কিন্তু পরিত্যক্ত দু-তিনটি দেশীয় অস্ত্র ছাড়া উল্লেখযোগ্য আর কিছুই উদ্ধার করতে পারেনি।
এদিকে জঙ্গি তত্পরতার জন্য সাঘাটা ও ফুলছড়ির চরাঞ্চলগুলো বারবার একাধিক পত্রিকার শিরোনাম হলেও গাইবান্ধা সদর উপজেলার মোল্লার চর ইউনিয়নে এধরনের কোনো জঙ্গি তত্পরতা নেই বলে দাবি করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মণ্ডল ও গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান।
ইত্তেফাক/আনিসুর
