গাইবান্ধার দুর্গম চরে ফের অভিযান

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৫:০০
জঙ্গি তৎপরতা ও  সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান ফের বৃহস্পতিবার গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে  শুরু করেছে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাত ৩টা থেকে দ্বিতীয় দিনে জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, তালতলা ও খাটিয়ামাড়িসহ বিভিন্ন চরে এ অভিযানে অংশ নিয়েছে জেলা পুলিশ, ডিবি পুলিশ, ফুলছড়ি থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
 
অভিযানে নেতৃত্বে থাকা গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক বলেন, জঙ্গি আস্তানার সন্ধান ও তালিকাভুক্ত মামলার আসামি এবং নৌ-ডাকাত গ্রেফতারে এ অভিযান চলছে। এ অভিযানে সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু ও ফুলছড়ি থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
 
ফুলছড়ি থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, এ অভিযানে আজ বেলা ১২ টা পর্যন্ত কোন জঙ্গি আস্তানা খুঁজে পাওয়া যায়নি।
 
এর আগে, প্রথম দিন বুধবার ৫ জুলাই গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের আটটি চরে একটানা সাত ঘণ্টা অভিযান চালায় পুলিশের অনুরূপ একটি দল। অভিযানে আইয়ুব আলী ওরফে শুকুর (৩৪) নামে এক ডাকাতকে আটক করা হয়। কিন্তু কোন জঙ্গি আস্তানা খুঁজে পাওয়া  যায়নি।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ্ আল ফারুক জানান, পুলিশের রুটিন কাজের অংশ হিসেবে চরাঞ্চলে জঙ্গিদের তৎপরতা রোধ ও পালিয়ে থাকা জঙ্গিদের গ্রেফতারসহ নৌ-ডাকাত, মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ এ অভিযান চালানো হচ্ছে।
 
গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, চরাঞ্চলে জঙ্গি, সন্ত্রাসীরা আত্মগোপন করে থাকতে পারে সন্দেহে অভিযান চালানো হচ্ছে। এছাড়া নদনদীতে পানি বৃদ্ধির সময় চরাঞ্চলে নৌ-ডাকাতি বৃদ্ধি পায়। এসব অপরাধ রোধে আগাম ব্যবস্থা হিসেবে জেলা পুলিশের সিদ্ধান্তে এই অভিযান পরিচালিত হয়। পর্যায়ক্রমে জেলার সকল চরাঞ্চলগুলোতে জঙ্গি বিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হবে।
 
ইত্তেফাক/এমআর