ধুনটে নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৬:৩২
বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি আমান উল্লাহকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। আমান উল্লাহ উপজেলার গোপালনগর গ্রামের মৃত: সোলায়মান আলীর ছেলে এবং গোপালনগর ইউনিয়ন জামায়াতের আমির। 
 
বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 
ধুনট থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন বলেন, গত ৩০জুন দিবাগত গভীর রাতে উপজেলার চরখুকশিয়া গ্রামে সান-রাইচ কোচিং সেন্টারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ধ্বংসাত্মক কার্যক্রম ও নাশকতা সৃষ্টি লক্ষে গোপন বৈঠক বসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
 
পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত ও শিবিরের প্রায় ২০-২২জন নেতাকর্মী কৌশলে পালিয়ে যায়। পরে ওই কোচিং সেন্টারে তল্লাশি চালিয়ে শিবিরের সংবিধান, মাসিক প্রেরণা, ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি, পলাশী থেকে বাংলাদেশ, মুক্তির জয়গান, ছাত্র সংসদ বই, সরকার বিরোধী বিভিন্ন পোস্টারসহ ২১টি জিহাদি বই, একটি চাপাতি ও একটি চাকু জব্দ করা হয়।
 
এ ঘটনায় ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের সাবেক আমির রেজাউল করিম বাচ্চু, উপজেলা জামায়াতের আমির বাকি বিল্লাহসহ জামায়াত-শিবিরের ১৪জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামালার এজাহারভুক্ত আসামী আমান উল্লাহকে বুধবার রাতে উপজেলার খাটিয়ামাড়ী বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/সাব্বির