টাঙ্গাইলের সখীপুরে পেনশনের টাকা তুলতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে শামসুল হক (৬১) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হিসাবরক্ষণ অফিসের সামনে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
ওই শিক্ষকের বাড়ি জেলার বাসাইল উপজেলার মটরা গ্রামে। সখীপুর উপজেলা হাসপাতাল ও হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা যায়, সখীপুর উপজেলা নোহালীচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক মাসিক পেনশনের টাকা উত্তোলন করতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হিসাবরক্ষণ অফিসে আসেন।
হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহজামাল বলেন, 'কাগজপত্রাদি স্বাক্ষর করার ফাঁকে তিনি পাশেই স্টলে চা পান করতে গিয়ে অফিসের সামনের রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠানো হয়।' উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান।
ইত্তেফাক/জামান
