যশোরে সরকারি অফিসগুলোতে আকস্মিক পরিদর্শনে দুদক কমিশনার

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২২:৪৬
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ বৃহস্পতিবার যশোরের সরকারি অফিসগুলোতে ঝটিকা সফরে আকস্মিক পরিদর্শন করেছেন।
 
এসময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় যশোরের সাব রেজিস্টার আবুল বাসারকে অফিসে পাওয়া গেল না। বেলা ১১টায় কক্ষের ফ্যান দুটো পুরোদমে চললেও অফিসে আসেননি সহকারী সেটেলমেন্ট অফিসার মো. কামরুজ্জামান। ঝিকরগাছার নতুনহাট তেঘরিয়া গ্রামের কিশোর মাসুদ রানা (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে কোমরের এক্সরে করতে। এক্সরে করার প্রস্তুতিও শেষ। মা নগদ একশ ৪০ টাকা দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট শামসুল আলমের হাতে। কিন্তু টাকার রসিদ দেয়া হয়নি রোগীকে। এই উপজেলার সাব রেজিস্টারের অফিস পরিদর্শন করে ভূমি অফিসে আসতে আসতেই 'হাওয়া' হয়ে গেলেন সার্ভেয়ার শহীদুল ইসলাম।
 
হঠাৎ পরিদর্শনে সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তত্ত্বাবধায়ক ডা. কামরুল ইসলাম বেনু দুদক কমিশনারকে বলেন, 'হাসপাতালে জনবল ও শয্যার অপ্রতুলতা রয়েছে। হাসপাতালের সামনের ক্লিনিকগুলোকে ঘিরে দালালচক্র গড়ে উঠেছে। এদের রোধ করা যাচ্ছে না। এইসব দালালরা প্রতিদিন ৫শ’-এক হাজার টাকা পকেটে ভরে বাড়ি ফেরে।'
 
তিনি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট শামসুল আলমের টাকা নিয়ে রসিদ না দেয়ার অপরাধে শোকজ করার নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে। এছাড়া তিনি অন্যান্য অফিসে সিটিজেন চার্টারসহ সেবামূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দেন।
 
যশোরের অফিসসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের দুদক কমিশনার বলেন, 'সাব রেজিস্টারের অফিস পুরোটাই অস্বচ্ছ। দলিল লেখকরা সমিতির নামে সিন্ডিকেট করে মানুষকে হয়রানি করছে।' বিআরটিএ অফিসে এসেও তিনি এটাকে 'অস্বচ্ছ' অফিস বলে মন্তব্য করে বলেন, 'এখানকার ম্যানুয়াল কাজের জন্য মানুষের হয়রানি হচ্ছে।' মানুষের দুর্ভোগ কমাতে এখানকার অফিসিয়াল কাজ অনলাইন করার সাজেশন দিয়েছি উল্লেখ করে বলেন, 'স্মল ইজ বিউটিফুল।' স্বচ্ছতা ফিরিয়ে আনতে কী ব্যবস্থা নেবে দুদক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা অফিসগুলোর অনিয়মের ব্যাপারে স্ব স্ব অফিসের প্রধানকে লিখিতভাবে রিপোর্ট করব।'
 
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের পরিচালক (প্রতিরোধ) মনিরুজ্জামান, খুলনা বিভাগের পরিচালক ড. আবুল হাসান, জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ হেসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলার বিএম হাইস্কুলে সততা স্টোর উদ্বোধন করেন।
 
ইত্তেফাক/জামান