জয়ের ধারায় শ্রীলঙ্কা

আপডেট : ০৭ জুলাই ২০১৭, ০৯:৩৭
 
সিরিজের প্রথম ম্যাচে কীর্তিটা করেছিল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো তিন শতাধিক রান তাড়া করে ম্যাচ জিতেছিল তারা। এক ম্যাচ পর সেই সিরিজেই দ্বিতীয়বারের মতো কাণ্ডটা হলো। এবার শ্রীলঙ্কা ম্যাচ জিতল তিন শতাধিক রান তাড়া করে। গতকাল বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩১০ রান তাড়া করে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতল স্বাগতিকরা। এই জয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো শ্রীলঙ্কা।
 
অথচ প্রথম ইনিংসে মনে হচ্ছিলো, ম্যাচটা একতরফাভাবে জিম্বাবুয়ের। আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা; ১৩ রানে ফেরেন সলোমন মিরে। এরপরই শ্রীলঙ্কান বোলারদের জীবন অতিষ্ঠ করে ফেলেন হ্যামিলটন মাসাকাদজা ও তারিসাই মুসাকানদা। দুজনে ১২৭ রান যোগ করেন দ্বিতীয় উইকেটে। হ্যামিলটন ছিলেন দারুণ মারমুখী মেজাজে। ৪৮ রানে মুসাকানদা আউট হয়ে যাওয়ায় এই জুটি ভাঙে। তারপরও স্কোরবোর্ড সচল রেখেছিলেন হ্যামিলটন। জিম্বাবুয়ের তৃতীয় দ্রুততম, ৮৩ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি। এরপর থেকে রানে একটু বাধা দিতে পারে লঙ্কান বোলাররা। হ্যামিলটন ৯৮ বলে ১৫টি চার ও একটি ছক্কায় সাজানো ১১১ রান করে আউট হন। তারপরও শেষ দিকে শন উইলিয়ামসের ৪৩ রান এবং কয়েকটা ছোট ইনিংস জিম্বাবুয়েকে পৌঁছে দেয় ৩১০ রানে।
 
রানটা অবশ্যই বড় কিছু। কিন্তু শ্রীলঙ্কান দুই ওপেনার এই রানকেই মামুলি স্কোরে পরিণত করে ফেলেন। উদ্বোধনী জুটিতে ২২৯ রান যোগ করেন নিরোশান ডিকওয়েলা ও দানুশকা গুনতিলাকা। দুজনই সেঞ্চুরি করেন। ৩৭ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন এই জুটিই আসলে জিম্বাবুয়েকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। ডিকওয়েলা ১০৭ বলে ও গুনতিলাকা ১০১ বলে সেঞ্চুরিতে পৌঁছান। দীর্ঘকাল অপেক্ষা করার পর অবশেষে ১১৬ বলে ১৪টি চারে সাজানো ১০২ রানের ইনিংস খেলে আউট হন ডিকওয়েলা। আর ১১১ বলে ১৫টি চার ও একটি ছক্কায় সাহানো ১১৬ রান করে ফেরেন গুনতিলাকা। কুশল মেন্ডিসকে নিয়ে বাকি পথটা নির্বিঘ্নে পাড়ি দিয়েছেন উপল থারাঙ্গা। বর্ষীয়ান থারাঙ্গা ৪৪ রানে অপরাজিত ছিলেন।
 
 
ইত্তেফাক/এমআর