পঞ্চগড়ের আটোয়ারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি দিতে না পারায় শতাধিক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার উপজেলার চুচুলী বটতলী হাট উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন বঞ্চিত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ৬ জুলাই বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় প্রায় শতাধিক পরীক্ষার্থীর পরীক্ষার ফি বাকি ছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার ফি না দেওয়া পর্যন্ত প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষায় অংশ নিতে বারণ করে। যারা পরীক্ষার কক্ষে ঢুকেছিল তাদেরও কক্ষ থেকে বের করে দেওয়া হয়। শিক্ষার্থীরা শিক্ষকদের অনুরোধ করে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এতে হতাশ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পরে সাধারণ শিক্ষার্থীর পক্ষে পরীক্ষার্থী পবিত্র বর্মণ ও তপন চন্দ্র বর্মণ আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারী পবিত্র বর্মণ জানায়, স্যারকে আগামী কালকে ফি দেওয়ার কথা বললেও স্যার আমার কথা শোনেননি। পরীক্ষার কক্ষ থেকে বের করে দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী বলেন, ১০০ জনের মতো শিক্ষার্থী ফি দিতে না পারায় পরীক্ষা নেওয়া হয়নি। তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহিন্দ্রনাথ বর্ণ বলেন, পরীক্ষা না নেওয়াটা ঠিক করেননি শিক্ষকরা।
লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা বলেন, অভিযোগটি তদন্ত করে যথাযথা ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআর
