উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে বগুড়ায় যমুনার পানি সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার ৬ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার কারণে বাঁধের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এতে করে বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছে মানুষ। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে ২৫শ পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।
বগুড়ার সারিয়াকান্দির নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, পানি বিপদ সীমার ৬ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সারিয়াকান্দির কুতুবপুর ও কামালপুরের বাঁধের পূর্বাংশে পানি প্রবেশ করেছে। এছাড়াও কণিবাড়ি ও বোহাইলের কিছু অংশে পানি প্রবেশ করায় এতে প্রায় ২৫শ পরিবারের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। মানুষ বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বাঁধের নিচু এলাকা থেকে মানষুদের সরিয়ে নেয়া হচ্ছে।
জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র জানান, জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেনি। ক্লাস স্বাভাবিক ভাবে চলছে। তবে সারিয়াকান্দি উপজেলার আওচারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করলেও পরীক্ষা স্বাভাবিক ভাবে চলছে। বাসস।
ইত্তেফাক/এমআর
