বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ খুলনায় কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ শুক্রবার ফুলতলা উপজেলা সদরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণটি উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগ। সরকার তথ্যপ্রযুক্তি সকল জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আইসিটি খাতকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে আইসিটির ব্যবহার বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে ক্রিকেট খেলাসহ সকল খেলাধুলা দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার খেলাধূলার দিকে বিশেষ নজর দেয়ার ফলে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশর অর্জন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে।
সভাপতির বক্তৃতায় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেন, আধুনিক বিশ্বে ক্রিকেট যেমন বাংলাদেশের পরিচিতি ঘটিয়েছে, তেমনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গোটা বিশ্বকে হাতের মুঠায় এনে দিয়েছে। এর মাধ্যমে মফস্বলের শিক্ষার্থীরা আইসিটিতে দক্ষ হিসাবে গড়ে উঠতে পারবে। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ‘মেহেদী মিরাজ কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইত্তেফাক/ইউবি
