সাতক্ষীরায় দুটি বাড়ি থেকে ৭৬টি গোখরা সাপ ও ৫০টি ডিম উদ্ধার করা হয়েছে। গত বুধবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দুটি বাড়ি থেকে এ সাপ ও ডিম উদ্ধার করা হয়।
স্থনীয়রা জানান, গত বুধবার রাত ১২টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বালুই গাছা গ্রামের কৃষক মো. ছাত্তার খানদারের বাড়ি থেকে ৫৬টি গোখরা সাপ ও ৫০টি ডিম উদ্ধার করা হয়।
রাতে ছাত্তারের মায়ের হাতের ওপর একটি গোখরা সাপ ওঠে। পরে তারা সাপটিকে মেরে ফেলে। সকালে তার ছেলে মো: ইসমাইল (১৬) ঘরের মেঝেতে আরো একটি সাপ দেখতে পায় এবং সেটিও তারা মেরে ফেলে। পরে সেখানে একজন সাপুড়িকে আনা হলে তিনি ঘরের মেঝের মাটি খুড়ে ৫৬টি গোখরা সাপ এবং ৫০টি ডিম উদ্ধার করেন। বর্তমানে বাড়িটির চারপাশে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে।
এদিকে, আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে মাটির তৈরি বসত ঘর থেকে একে একে ২০টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মোড়ল পাড়ায়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার বিকাল ৫টার দিকে বাড়ির মালিক মৃত মুজির সরদারের পুত্র মকবুল সরদার ওরপে খোকনের ঘর থেকে হঠাৎ ১টি গোখরা সাপ বের হয়ে আসে। বাড়ির মালিক সাপটি দেখা মাত্র লাঠি দিয়ে মেরে ফেলে। সাপটি প্রায় দেড় ফুট লম্বা। পরে ঘরের কাচা মেজের একটি ছোট ছিদ্র দিয়ে একে একে আরো ১৯টি সাপ বের হয়ে আসে। পরে খোকনসহ স্থানীয় লোকজন মিলে সাপগুলোকে মেরে ফেলেন।
ইত্তেফাক/ইউবি
