রিমান্ডে থাকা তিন নারী জঙ্গির একজনের জবানবন্দি

আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২৩:০৩
 
রিমান্ডে থাকা কুষ্টিয়ার ভেড়ামারায় আটক নব্য জেএমবির আমীর আইয়ুব আলীর স্ত্রী তিথি শুক্রবার বিকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এর নিকট ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করেছেন। বাকি দুইজন কুষ্টিয়ার ভেড়ামারায় আটক নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড আব্দুর রশিদ'র স্ত্রী সুমাইয়া এবং জেএমবি'র সমন্বয়ক ও আরমান হোসেনের দ্বিতীয় স্ত্রী টলি খাতুন শুক্রবার সন্ধ্যা ৬টা এই রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে জবানবন্দি প্রদান করেনি।
 
তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র এবং মামলার তদন্ত অফিসার অত্র থানার ওসি (তদন্ত) আননূর যায়েদ জানিয়েছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ভেড়ামারার বামনপাড়া তালতলা জঙ্গি আস্তানা থেকে আটক তিন নারী জঙ্গিকে জবান বন্দী প্রদানের জন্য আদালতে সোপর্দ করে ভেড়ামারা মডেল থানা। রিমান্ডে আটক নারীরা পুলিশ সদর দফতর থেকে আগত উচ্চ পর্যায়ের টিমসহ ভেড়ামারা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ইন্টারোগেশন টিমের কাছে নিজেদের জঙ্গি সম্পৃক্তা ও নেটওয়ার্ক সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য প্রদানে বাধ্য হয়েছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, গত ১লা জুলাই শনিবার ভেড়ামারা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বামনপাড়া তালতলা এলাকার একটি ভাড়া বাসায় সিটিটিসি ও ভেড়ামারা মডেল থানা পুলিশ যৌথ সফল অভিযান পরিচালনা করে সুইসাইডাল ভেষ্ট, গুলি ভর্তি ম্যাগাজিন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ বিধ্বংসী বিস্ফোরকসহ তিন নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আলোচিত এই অভিযানের নাম দেওয়া হয় "অপারেশন টেপিড পাঞ্চ"।
 
ইত্তেফাক/জামান