মাগুরায় ব্রিজের রেলিং ভেঙ্গে পিকআপ নদীতে

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১০:৩৭
 
মাগুরা শহরের ঢাকারোডে ব্রিজের রেলিং ভেঙ্গে মালামালসহ একটি পিকআপ নবগঙ্গা নদীতে পড়ে তলিয়ে গেছে। তবে চালক ও হেলপার অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।রেলিং মেরামত না করা পর্যন্ত এই সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 
  
জানা গেছে, ভোরে ঢাকা থেকে মাগুরাগামী টাইলস বোঝাই একটি পিকআপের চালক ঘুমিয়ে পড়লে পিকআপটি নবগঙ্গা নদীর ব্রিজের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে তলিয়ে যায়। তবে চালক ও হেলপার সামান্য আহত হয়ে অলৌকিকভাবে পিকআপ থেকে বের হয়ে প্রাণে বেঁচে গেছেন। পিকাাপটি নদীতে তলিয়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজের রেলিংয়ের বেশকিছু অংশ ভেঙ্গে গেছে এবং ফাঁকা রয়েছে।  
 
মাগুরা ট্রাফিক পুলিশের এস আই জাহাঙ্গীর জানান, পিকআপ চালকের চোখে ঘুম এসে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ব্রিজের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়। চালক ও হেলপার সামান্য আহত হলেও বেঁচে গেছেন।   
 
ইত্তেফাক/কেকে