টাঙ্গাইলের সখীপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরের একটি বাসা থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও লম্পট ধর্ষক আকাশ আহমেদকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার আমতৈল গ্রামের ব্যবসায়ী আজমত আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে ওই কলেজ ছাত্রী তার বাড়ি উপজেলার বেড়বাড়ি এলাকা থেকে অপহৃত হন। এ ব্যাপারে মেয়েটির মা ঘটনার দিনই টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী (১৬ কে উপজেলার আমতৈল গ্রামের ব্যবসায়ী আজমত আলীর বখে যাওয়া ছেলে আকাশ দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন সকালে ওই ছাত্রী বাড়ি থেকে উপজেলার বেড়বাড়ি বাজারে ওষুধ কিনতে গেলে বখাটে আকাশ তার সহযোগীদের সহায়তায় মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির মা ঘটনার দিনই টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মেয়েকে উদ্ধার এবং বখাটের শাস্তির দাবিতে মামলা করেন।
সখীপুর থানার ওসি (তদন্ত) আলমগীর আশরাফ জানান, আদালতের নির্দেশনা পেয়ে শুক্রবার রাতে মেয়েটিকে উদ্ধার ও ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ও আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর
