মানিকগঞ্জের ঘিওরে ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি তোবারক খান। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘিওর থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ঘিওর উপজেলা হিজুলীয়া গ্রামে জামাল খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে ওই বাড়ি থেকে ৪ ভরি ১১ আনা স্বর্নালংকার ও নগদ ৪৭ হাজার ৫শ টাকা লুট করে নিয়ে যায়। বাড়ির লোকজন ডাকাতদের মধ্যে বড়টিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোবারক খানকে চিনতে পারেন। পরের দিন বুধবার বাড়ির গৃহকর্তা জামাল খান তোবারক খানকে আসামি করে ঘিওর থানায় একটি ডাকাতি মামলা করেন। বৃহস্পতিবার রাতে ঘিওর থানা পুলিশ তোবারক খানকে গ্রেফতার করে।
ঘিওর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল বেপারী জানান, বড়টিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোবারক খানের বিরুদ্ধে এর আগেও নারী শিশুসহ একাধিক মামলা হয়েছে। দলীয় ভাবে তোবারক খানকে মৌখিক ভাবে সংশোধন হওয়ার কথা বলা হয়েছিল। কিন্ত এর পরেও তার বিরুদ্ধে ডাকাতির মতো মামলা হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যদি ডাকাতির বিষয়টি প্রমাণিত হয় তবে তোবারক খানকে দল থেকে বহিষ্কার করা হবে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার তোবারক খানকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠান। ডাকাতির সাথে জড়িত বাকীদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই
