মাগুরার শালিখা উপজেলার দিঘি গ্রামে শনিবার সকালে নিজের মুসলমানি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফারুক ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আক্তার মোল্যার একমাত্র ছেলে। সে স্থানীয় দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পরিবারের সূত্রে জানা গেছে, শিশু ফারুকের মুসলমানি উপলক্ষে আজ শনিবার দুপুরে তাদের বাড়িতে আত্মীয়-স্বজনেকে দাওয়াত করা হয়েছে। আনন্দে আয়োজনের জন্য বাজার থেকে আনা হয়েছে সাউন্ডবক্স। সকাল ১১টার দিকে সাউন্ডবক্সের বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ফারুক ঘরে গিয়ে সুইচ বোর্ডে প্লাগ লাগাতে যায়। এ সময় সে সেখানে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন।
তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জাগলা এলাকায় সে মারা যায়। আড়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুবাস চন্দ্র বিশ্বাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
