পবিপ্রবি'র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৬:৫০
 
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন পবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. হারুনর রশীদ ও প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আলী।
 
পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুুল অর্পণ করে শ্রদ্ধা জানান ভিসি ও প্রো-ভিসি। এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে আ.ন.ম ইফতেখার পলাশ ও আরিফ আহমেদ জুয়েলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
 
পরে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্তকরণের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উৎসবের উদ্বোধন করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দুমকি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
পরে বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের একটি সেমিনার কক্ষে অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ ও বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মাঝে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. স্বদেশ সামন্ত, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদের সভাপতি ও পাকসুর সাবেক ভিপি মো. লুৎফর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/জামান