'তোমাদের আলোয় যেন পাশের বাড়ির অন্ধকার দূর হয়'

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২১:৫৯
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভাল শিক্ষার কোন বিকল্প নাই। দেশকে গতিশীল করতে হলে আজকে যারা শিক্ষার্থী তাদের আলোয় পাশের বাড়ির অন্ধকার দূর করতে হবে।
 
শনিবার বিকেলে বাঘা উপজেলা হলরুমে আলহাজ্ব ভোলাই প্রামাণিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, 'আজকে যারা শিক্ষার্থী তারা আগামী দিনের ভবিষ্যৎ। এদের সু-শিক্ষায় গড়ে তোলার দায়িত্ব পিতা-মাতা ও শিক্ষকদের।'
 
'আমরা কথা দিলে সে কথা রাখি' উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'মাঝখানে এই বৃত্তি প্রদান বন্ধ থাকলেও আজ থেকে আবার সেটি চালু করা হলো।' তিনি মাধ্যমিক স্তরে বৃত্তিপ্রাপ্ত ২৪০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১৮ শ' টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
 
সভায় শাহরিয়ার আলম বলেন, 'আমাদের রাজনীতি সু-সম বণ্টন ও উন্নয়নের রাজনীতি। আমাদের সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই সরকারকে আবারও বিজয়ী করতে হবে।' তিনি দরিদ্র দূরকরে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সম্মিলিতভাবে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 
বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক বাবুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অধ্যাপক আবুবক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল আলম, বাঘা পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আক্কাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ ,বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, জেলা যুবমহিলী লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, উপজেলা মহিলী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
ইত্তেফাক/জামান