পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন অনুযায়ী সদ্য সমাপ্ত অর্থবছরে এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন হয়েছে ৮৮ দশমিক ২৮ শতাংশ। তবে এডিপি বাস্তবায়নের সময় পর্যালোচনা করে দেখা যায়, মোট ব্যয়ের অর্ধেকই হয়েছে শেষ তিন মাসে। এর আগে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয়েছিল ২০০৮-০৯ অর্থবছরে। ওই বছর ব্যয় হয়েছিল ৮৬ শতাংশ। এরপর ২০০৯-১০ অর্থবছরের থেকে প্রতি অর্থবছরই ৯০ শতাংশের ওপরে এডিপি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিল সরকার। এবার এডিপি বাস্তবায়ন ৯০ শতাংশের নিচে নেমে গেছে।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ি, ২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত এডিপির মোট বরাদ্দ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো অর্থ ব্যয় করেছে ১ লাখ ২০৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের অর্থ ব্যয় হয়েছে ৭২ হাজার ২৫৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৯৩ শতাংশ। অন্যদিকে বৈদেশিক সহায়তার অর্থ ব্যয় হয়েছে ২৭ হাজার ৯৪৮ কোটি টাকা, যা বরাদ্দের ৭৮ শতাংশ।
আইএমইডির প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য অর্থবছরে শতভাগ এডিপি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে মাত্র মাত্র ৬ টি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ১১৯ শতাংশ। নৌ-পরিবহন মন্ত্রণালয় ১০৭ কোটি টাকা, বিদ্যুত্ বিভাগ ১০২ শতাংশ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ১০০ শতাংশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ১০০ শতাংশ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৯৯ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ৯৯ শতাংশ এডিপি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয়েছে লেজিসলেটিভ ও সংসদ বিভাগে। এ বিভাগ মাত্র ৩৯ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৫৩ শতাংশ, সেতু বিভাগ ৫৬ শতাংশ, শ্রম ও কর্মসংস্থান ৬৩ শতাংশ এবং দুর্নীতি দমন কমিশন ৬৩ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।
সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগ ৯৬ শতাংশ, বিদ্যুত্ বিভাগ ১০২ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৯৯ দশমিক ৬৭ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ৬৫ শতাংশ, সেতু বিভাগ ৫৬ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৮৯ শতাংশ, গৃহায়ণ ও গণপূর্ত ১০০ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৯০ শতাংশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৮০ শতাংশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৯৬ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে। এছাড়া ৯০ শতাংশ অর্থ ব্যয় করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ ৯৪ শতাংশ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ১১৯ শতাংশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৯৬ শতাংশ এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয় ১০৭ শতাংশ অর্থ ব্যয় করেছে।
২০১৬-১৭ অর্থবছরের শুরুতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ ছিল ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। গত ফেব্রুয়ারিতে এডিপি সংশোধন (আরএডিপি) করা হলেও বরাদ্দ কমানো হয়নি। বৈদেশিক সহায়তা থেকে বরাদ্দ কমিয়ে সরকারি তহবিলের বরাদ্দ বাড়ানো হয়। আরএডিপিতে সরকারি তহবিলের বরাদ্দ বাড়িয়ে ৭৭ হাজার ৭০০ কোটি টাকা করা হয়েছে। এছাড়া বৈদেশিক সহায়তা বরাদ্দ থাকছে ৩৩ হাজার কোটি টাকা। আরএডিপি অনুমোদনের পরও বৈদেশিক সহায়তা খাতে আরও ২ হাজার ৭৯৭ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়। এতে বৈদেশিক সহায়তা খাতে বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৩৫ হাজার ৭৯৭ কোটি টাকা। নতুন ৩৮৪ টি প্রকল্পসহ সংশোধিত এডিপিতে মোট প্রল্পের সংখ্যা ১ হাজার ২৮৪ টি।
