বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে নিজ বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার পর খালাতো ভাইয়ের গুলিতে খুন হয়েছেন সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শেখের মাড়িয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাদ্দাম শেখের মাড়িয়া গ্রামের শাহ জামালের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, সাদ্দাম ও তারই সমবয়সী খালাতো ভাই নাটোরের সিংড়া উপজেলার খন্দকার বড় বাড়িয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রিপন (৩০) একই সাথে শনিবার (৮ জুলাই) নন্দীগ্রামের কবি পাড়া গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে যান। রবিবার সকালে রিপনকে সাথে নিয়ে সাদ্দাম তাদের বাড়িতে আসে। সেখানে বেশ কিছু সময় দু’জন একসাথে কাটায়। এরই একপর্যায়ে রিপন তার কাছে থাকা রিভলবার দিয়ে সাদ্দামকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম নিহত হয়। পরপরই রিপন পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করলেও হত্যার কারণ জানাতে পারেননি। তিনি জানান, ঘাতক রিপন গ্রেফতার হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে। সে গ্রেফতার হলেই প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ইত্তেফাক/এমআই
