মুরাদনগরে বখাটেদের হামলায় শ্রমিকলীগ নেতার মৃত্যু, আটক দুই

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২০:৩৭
 
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে একদল বখাটেদের হামলায় উপজেলা শ্রমিকলীগ নেতা হেলাল মিয়া (২৬) রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার দুপুরে দুইজনকে আটক করে পুলিশ।
 
নিহত শ্রমিকলীগ নেতা হেলাল মিয়া উপজেলার সদরের উত্তর পাড়া গ্রামের হোসেন মিয়ার ছেলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত হেলালের মা আয়শা বেগম বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
 
আটককৃতরা হলেন, উপজেলা সদরের উত্তর পাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে সোহেল (২০) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে নিজাম (২২)। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন সকালে মুরাদনগর উপজেলার উত্তর পাড়ায় স্থানীয় কয়েকজন বখাটে যুবকের মাঝে নারী সংক্রান্ত ঘটনা নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
 
এ সময় হেলাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কে মধ্যস্থতার করার চেষ্টা করলে, এক পর্যায়ে উত্তেজিত বখাটে যুবকেরা উল্টো হেলালকেই বেধড়ক লাঠিপেটা করে। লাঠির আঘাতে ঘটনাস্থলেই হেলাল জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন হেলালের অবস্থার অবনতির ঘটনা ঘটলে চিকিৎসকেরা কুমিল্লা মেডিকেল হাসপাতালে তাকে প্রেরণ করে। কিছু দিন সেখানে চিকিৎসা দেয়ার পর হেলালের অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে রবিবার সকালে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘটনাটি শুনেই আমরা নিহতের বাড়িতে যাই। হেলাল মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল (কুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের ভাষ্য মতে ও প্রাথমিক তদন্তে জানলাম মারপিটের পর চিকিৎসাধীন অবস্থায় হেলাল মারা গেছে। বিষয়টি আরো গভীর ভাবে খতিয়ে দেখবে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান