সতীর্থ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছেড়ে অন্যত্র পাড়ি জমানোর গুজবের বিষয়ে ‘কোন মন্তব্য করবেন না’ বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। পর্তুগাল সুপার স্টারের ভবিষ্যতের বিষয়টি প্রসঙ্গে জানতে চাইলে স্প্যানিশ পত্রিকা মার্সাকে রামোস বলেন, ‘এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই’।
চলতি মৌসুমের শেষদিক থেকেই চার বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর ইউরোপীয় চ্যাম্পিয়ন দল ছেড়ে যাবার গুজব নিয়ে স্পেন ও পর্তুগিজ মিডিয়া সরব রয়েছে। স্পেনের সরকারী কৌঁসুলিরা রোনালদোর বিরুদ্ধে ১৪.৬ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ উত্থাপন করার পর ৩২ বছর বয়সী রোনালদো বলেছিলেন, তিনি ‘হতাশ’। এ বিষয়ে আগামী ৩১ জুলাই রোনালদোকে আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে।
রোনালদো ও আরেক স্ট্রাইকার আলভারো মোরাতার প্রসঙ্গে রামোস বলেন, ‘তারা অসাধারণ খেলোয়াড়। আশা করছি আগামী বছরগুলোতেও তারা আমাদের সঙ্গে থাকবেন।’ এই তারকাদ্বয় যথাক্রমে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিতে যোগ দেয়ার লক্ষ্য স্থির করেছেন বলে গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে। পর্তুগাল তারকার স্প্যানিশ ও ইউরো চ্যাম্পিয়নদের ছেড়ে দেয়ার হুমকির জবাবে রিয়াল ক্লাবের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ ওই স্ট্রাইকারকে আগলে রেখে বলেছেন, ‘রোনালদো ক্লাব ছাড়তে চান না।’
এদিকে স্প্যানিশ পত্রিকা এএস-এ ইবিজায় রোনালদোর অবকাশ যাপনের ঘটনা নিয়ে ছাপানো প্রচ্ছদ কাহিনিতে দাবি করেছে যে ‘এই তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদেই থাকছেন। আর ক্লাবটিও তাকে ভিত্তি করেই আগামী মৌসুমের প্রস্তুতি নিতে চায়।’ গত মৌসুমে রিয়াল মাদ্রিদ রেকর্ডসংখ্যক ৩৩তম লা লিগা শিরোপা জয় করেছে। সেই সঙ্গে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অক্ষুণ্ন রাখার নজীর স্থাপন করেছে। তবে রামোস ও রিয়াল আগামী মৌসুমে আরো বেশি সফলতা অর্জন করতে চায়। রিয়াল অধিনায়ক বলেন, ‘আমরা ইতিহাস রচনা করেছি। তবে আমাদের ইচ্ছা এবং লক্ষ্য হচ্ছে এই ক্লাবের জন্য আরো বেশি ইতিহাস রচনা করা।’ এএফপি।
ইত্তেফাক/সাব্বির
