ঘরের চালে ঢিল ছোড়ার অভিযোগে মা ও মেয়েকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মধ্যযুগীয় এই নির্যাতনের ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত মায়ের আরেক মেয়ে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে গ্রামের আনজেত আলীর ছেলে মিষ্টারের ঘরের চালে কে বা কারা ঢিল ছোড়ে। এ ঘটনায় মিষ্টার রাগে-ক্ষোভে তাৎক্ষণিকভাবে দোষ চাপান প্রতিবেশী হতদরিদ্র পরিবারের সদস্য হানেফ আলীর স্ত্রী রিনা খাতুন ও তার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ইয়াসমিনের ওপর। এক পর্যায়ে উত্তেজিত মিষ্টার চুলের মুঠি ধরে টানতে টানতে মা-মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে তাদের ঘরের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন। এসময় রিনা খাতুনের বড় মেয়ে সরলা নবজাতক সন্তান কোলে নিয়ে বন্দী মা-বোনকে উদ্ধার করতে আসলে মিষ্টার তাকেও ধাক্কা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে নির্যাতনের বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর মা ও মেয়েকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পরদিন গত শনিবার নির্যাতিত রিনা খাতুনের বড় মেয়ে সরলা খাতুন আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে ওই নির্যাতন-অত্যাচারের বিষয়ে লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আক্রাম হোসেন বলেন, অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি বলেন, মিষ্টারের মামাতো ভাই আরিফের নামে পুলিশের খাতায় নানা অপকর্মের অভিযোগ আছে। ওই ঢিল ছোড়ার বিষয়ে তাকেও সন্দেহ করা হচ্ছে।
ইত্তেফাক/এমআর
