ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি দীর্ঘ ১৪ বছর ধরে নষ্ট থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সী রোগীদের। জানা যায় দীর্ঘদিন ধরে হাসপাতালের এক্স-রে মেশিনটি অযত্নে অবহেলায় পড়ে রয়েছে।
নদী মাত্রিক উপজেলার এই হাসপাতালটির আউটডোরে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসলেও এক্স-রে মেশিনটি নষ্ট থাকায় এদের অনেকেই সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে জেলা হাসপাতালে আবার কেউ প্রাইভেট ক্লিনিকে গিয়ে গুনছে বড় অংকের টাকা। যা কিনা পদ্মা নদী বেষ্টিত এ উপজেলার চরাঞ্চলের খেটে খাওয়া হতদরিদ্র মানুষের জন্য কষ্টসাধ্য ব্যাপার।
দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে থাকা এক্স-রে মেশিনটি মেরামতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেছে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোঃ আবুল কালাম আজাদ বলেন, এক্স-রে মেশিনটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর কয়েকবার লিখিত আবেদন করা হয়েছে।
সোমবার সকালে হাসপাতালে গেলে এখানে সেবা নিতে আসা রোগী শেফালী ও আব্দুল জলিলের মতন অনেকে আক্ষেপ করে প্রতিবেদককে বলেন, আমরা গরীব মানুষ টাকার অভাবে প্রাইভেট ক্লিনিকে যেতে পারিনা। এই হাসপাতালের এক্স-রে মেশিনটি সচল থাকলে নাম মাত্র মূল্যে আমরা সেবা পেতাম। দ্রুত এক্স-রে মেশিনটি মেরামতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট মহলের কাছে দাবী জানায় তারা।
ইত্তেফাক/এমআর
