কে দেশ ছেড়ে যাবে সে সিদ্ধান্ত মোদি নিতে পারেন না :মমতা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০২:৩১

ভারতের আসামে জাতীয় নাগরিক তালিকা প্রণয়নের (এনআরসি) সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কে দেশ ছেড়ে যাবে সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিতে পারেন না। বিজেপি আবার ক্ষমতায় এলে মোদি সংবিধান অমান্য করতে সব চেষ্টা করবেন। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মাথাভাঙ্গায় নির্বাচনী সমাবেশে বক্তৃতায় মোদিকে আক্রমণ করে এসব কথা বলেন মমতা। তিনি আরো বলেন, লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ১২৫টির বেশি আসন পাবে না। পাঁচ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন চা-ওয়ালা, এখন হয়েছেন চৌকিদার। আর লোকে বলছে তিনি চোর। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এবারের নির্বাচনে আসল প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং আরএসএস। বিজেপিকে বার্তা দিতে কেরালা থেকে নির্বাচন করছি।

একদিন আগেই পশ্চিমবঙ্গে দুইটি জনসভায় বক্তৃতা করেন নরেন্দ্র মোদি। সেখানে কড়া ভাষায় মমতাকে আক্রমণ করেন। মমতাও ছেড়ে কথা বলেননি সেদিন। গতকালও তার বক্তব্যের কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রী মোদি। মমতা বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি কোনোদিন হবে না। সর্বান্তকরণে পশ্চিমবঙ্গ এর বিরোধিতা করবে। তিনি বলেন, ভারতে কে থাকবে কে থাকবে না সে সিদ্ধান্ত মোদি নিতে পারেন না। প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে আসামের খসড়া এনআরসিতে ৪০ লাখের বেশি বাদ পড়েছে। যাদের এখন নানা হয়রানি ও আতঙ্কের মধ্যে দিন কাটছে। মমতা বলেন, কংগ্রেস, বাম বা বিজেপি সরকার ছিটমহল সমস্যার সমাধান করতে পারেনি। তৃণমূল সরকারের উদ্যোগেই ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। ছিটমহলবাসী জমির অধিকার পেয়েছে।

তিনি বলেন, পাঁচ বছর আগে যে মোদি নিজেকে চা-ওয়ালা বলে দাবি করেছিলেন, এখন সে চা-ও নেই, চিনিও নেই। তাই এখন তিনি চৌকিদার সেজেছেন। এতে লাভ হবে না। বিজেপি এবার ১২৫টির বেশি আসন পাবে না। উত্তর প্রদেশে গতবার ৮০টির মধ্যে ৭৩ আসন পেয়েছিল। এবার বড় জোর ২৫টি পাবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ৩০ আসন কমবে। পাশাপাশি মোদির বায়োপিক নিয়ে কটাক্ষ করে মমতা বলেন, তিনি নিজের নামে টিভি চ্যানেল বানিয়েছেন। প্রচারের জন্য নিজের নামে ছবি বানিয়েছেন। নেতাজি, গান্ধী, রবীন্দ্রনাথের ছবি বাদ দিয়ে মোদির সিনেমা লোকে কেন দেখবেন।

কেরালায় মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী

কেরালার ওয়েনাদ লোকসভা আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গতকাল জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন তার বোন তথা কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। কেরালা থেকে নির্বাচন করলেও সেখানকার সিপিএমের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন তিনি। রাহুল বলেছেন, আমি বুঝতে পারছি, সিপিএম এখানে আমাকে আক্রমণ করবে; কিন্তু আমি সেই সব আক্রমণ সহ্য করে নেব। সিপিএমের বিরুদ্ধে একটি কথাও বলব না। সিপিএম আমার প্রতিদ্বন্দ্বী নয়। আমাদের আসল প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং আরএসএস। বিজেপিকে বার্তা দিতেই এই আসন থেকে লড়ছি। দক্ষিণ ভারতের মানুষ বিজেপির কাছ থেকে অবহেলা পেয়েছে। আমি বোঝাতে চাই, আমি দক্ষিণ ভারতের মানুষের পাশে আছি।

এদিকে বুধবার অরুণাচলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার আগের রাতে বিজেপি দলীয় মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ ১ কোটি ৮০ লাখ রুপি। এ নিয়ে মোদিকে ‘চৌকিদার চোর’ বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতারা।

অন্যদিকে সম্প্রচারিত হওয়ার ৩/৪ দিনের মধ্যেই নমো টিভিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নিজের প্রচার চালাতে পারেন না বলে দাবি তুলেছে বিরোধী দলগুলি। পাশাপাশি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশনও। এ নিয়ে প্রতিক্রিয়ায় টাটা স্কাই বলেছে, নমো টিভি নিউজ সার্ভিস নয়, স্পেশাল সার্ভিস।

ইত্তেফাক/আরকেজি