মানিকছড়িতে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৯:১৭
 
খাগড়াছড়ির মানিকছড়িতে 'চোরাই' পণ্যবাহী মিনিবাস আটকানোর চেষ্টা করতে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার এ ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।
 
জানা যায়, মঙ্গলবার ভোরে রামগড় থেকে আসা একটি মিনিবাসকে জালিয়াপাড়া এলাকায় সন্দেহবশত: থামানোর চেষ্টা করলে চালক দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে চলে যায়। এতে গাড়িতে অবৈধ কিছু আছে এমন সন্দেহে জালিয়াপাড়ার বাসিন্দা মহিদুল ইসলাম (৩৫) , মো. আরিফ হোসেন (৩০) ও মো. জামাল হোসেন (২৫) একটি মটর সাইকেল নিয়ে বাসটিকে ধাওয়া করে। এক পর্যায়ে মটর সাইকেল আরোহীরা খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলা সদরের হাইস্কুল গেট সংলগ্নে ব্যারিকেড দিয়ে  রাস্তায় অবস্থান নেয়।
 
দ্রুতগামী বাসটির চালক ব্যারিকেড ডিঙ্গিয়ে তিন ধাওয়াকারীকে চাপা দিয়ে চট্টগ্রামের দিকে পালিয়ে যায়। এতে মো. মহিদুল ইসলাম ও মো. আরিফ হোসেন ঘটনাস্থলে মারা যান। জামাল হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে মানিকছড়ি উপজেলা হাসপাতালে এবং পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসের চাপায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে গেছে। জানা যায়, বাসটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় ওই সড়কের গাড়িটানা এলাকায় খাগড়াছড়ি জেলা পরিষদের টোল আদায় কেন্দ্রের বাঁশের কলও ভেঙ্গে ফেলে। এদিকে একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই মিনি বাসে 'দ্রুতযান হাটহাজারী' লেখা সাইনবোর্ড ছিল।
 
এদিকে তথ্যানুসন্ধানে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে রামগড়ের তৈচালাপাড়ার বাসিন্দা নুরুল আমীনের গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি হয়। চোরেরা  মিনি বাসে তুলে নিয়ে পালিয়ে যায়। গৃহকর্তার ছেলে নজরুল জানান, বাড়ির পাশের টিলায় নিয়ে গাড়িতে তোলে গরুগুলোকে। টিলা ঘেঁষে গরুর পাা ও  গাড়ির চাকার চিহ্নও রয়েছে। রামগড় জালিয়াপাড়া সড়কের পাশেই তাদের বাড়ি ও গোয়ালঘর।
 
এদিকে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন খান বলেন, ভোর ৪টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হতাহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, 'বাসটি জব্দ করতে ফটিকছড়ি ও হাটহাজারী থানার পুলিশকে তাৎক্ষণিকভাবে ম্যাসেজ দেয়া হয়। কিন্তু কেউ আটক করতে পারেনি। ওসি আরও জানান, গাড়িতে চোরাই গরু অথবা অবৈধ কোন জিনিস ছিল, সে কারণেই চালক ধাওয়াকারীদের চাপা দিয়ে পালিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মানিকছড়ি থানায় একটি মামলা হয়েছে। বাস এর চালককে আটকের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে বলেও ওসি জানান।
 
ইত্তেফাক/জামান