সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার ৪৭ সে.মি. উপরে প্রবাহিত

আপডেট : ১১ জুলাই ২০১৭, ২০:২৬
 
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দির নিকট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় পানি ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিপদ সীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
 
অব্যাহত পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এবং বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চকরতিনাথ ও করমজাপাড়া চরে পানির তোড়ে দেড় শতাধিক পরিবারের ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন কোন এলাকায় ঘরবাড়িতে এখন হাঁটু থেকে কোমর সমান পানি।
 
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বসতঘর ও মালামাল অন্যত্রে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে। বানভাসি মানুষের দুর্ভোগ বেড়েছে।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, বন্যা কবলিত ৯টি ইউনিয়নেরে ৫৭টি গ্রামের ১১হাজার দুইশ' ১০টি পরিবারের ৪৬হাজার ৪২০ জন মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
 
বন্যা দুর্গতদের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হচ্ছে।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় তিনহাজার পাঁচশ' হেক্টর জমির পাট, ধান ,সবজীসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ৫৩টি প্রাথমিক বিদ্যালয় সহ ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে।
 
ইত্তেফাক/জামান