ভারতের কোচ এখনো নিয়োগ দেয়া হয়নি: বিসিসিআই

আপডেট : ১১ জুলাই ২০১৭, ২০:৪৯
ভারতের কোচ নিয়োগ নিয়ে নাটকের কোন শেষ নেই। কেননা কোচ হিসেবে রবি শাস্ত্রীর নিয়োগের কথাকে অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট এডভাইজারি কমিটি (সিএসি) এখনো কোচ নিয়োগ নিয়ে কাজ করছে বলে বিসিসিআই সূত্রে জানা গেছে।
 
এর আগে মঙ্গলবার বিকেলে ভারতের বেশিরভাগ গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, জাতীয় দলের কোচ হিসেবে ভারতের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক, বিখ্যাত ধারাভাষ্যকর রবি শাস্ত্রী নিয়োগ পেয়েছেন। অনিল কুম্বলের উত্তরসূরি হিসেবে আগামি ২ বছরের জন্য রবি ভারতের জাতীয় দলের দায়িত্ব নেবেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়।
 
গণমাধ্যমের এই খবরের প্রতিক্রিয়ায় সন্ধ্যায় বিসিসিআই সেক্রেটারী (ভারপ্রাপ্ত) অমিতাভ চৌধুরী বলেন, নতুন কোচ নিয়োগের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয় নি। সিএসি এখনো কাজ করছে।
 
তিনি বলেন, যেসব গুজব ছড়িয়েছে এর কোন সত্যতা নেই। বিষয়টি খুবই সংবেদনশীল।আমি আপনাদের হালনাগাদ তথ্য দিতে থাকব। তবে কোন সময়ে কোচের নাম ঘোষণা করা হতে পারে সেটি এখনি বলতে পারছি না।
 
গতকাল কোচের পদে প্রার্থীদের সাক্ষাৎকার শেষে বিরাট কোহলির সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা জানিয়ে কোচ নিয়োগে সময় চেয়েছিলেন ক্রিকেট এডভাইজারি কমিটির (সিএসি) প্রধান সৌরভ গাঙ্গুলি। কোচের পদে রবি শাস্ত্রীর সঙ্গে আরো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিরেন্দ্রর শেবাগ, অ্যান্ডি পাইবাস, লালাচাদ রাজপুত ও টম মুডি। টাইমস অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/রেজা