মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের শ্রীমুখ ধানকোড়া এলাকার আফাজ উদ্দিন নামে এক কৃষকের বাড়িতে মারা পড়লো ১৯ টি গোখরা সাপের বাচ্চা। তবে বড় গোখরা সাপটিকে মারতে না পাড়ায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছে ওই পরিবারটি। মঙ্গলবার দুপুরে ওই ঘটনাটি ঘটে।
বাড়ির মালিক আফাজ উদ্দিন জানান, দুপুরে তার ছেলে রুবেলের ঘর থেকে ছোট একটি গোখরা সাপের বাচ্চা বের হতে দেখে চেঁচামেচি করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় ওই সাপটিকে মারা হয়।
এরপর ঘরের দক্ষিণ পাশে একটি ইঁদুরের গর্ত দেখতে পান। পরে সেই গর্তে লাঠি দিয়ে আঘাত করে একটি একটি করে ১৫ টি সাপের বাচ্চা মেরে একত্রিত করে রাখে স্থানীয়রা। এর আগে সোমবার বিকেলেও চারটি গোখরা সাপের বাচ্চা মারা হয় বাড়ির আঙ্গিনা থেকে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ওই বাড়িতে সাপ মারার ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মরা সাপগুলো দেখতে ভিড় জমান এলাকাবাসী।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার লুৎফর রহমান জানান, সাপে কাঁটা রুগীদের জন্যে সরকারি হাসপাতালে 'এন্টিভেনাম' ইনজেকশন সরবরাহ রয়েছে। সাপে কাঁটার বিষয়টি নিশ্চিত হতে পারলে রুগী নিয়ে সাথে সাথে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে পরামর্শও দেন তিনি।
ইত্তেফাক/জামান
